কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পুলিশের গুলিতে দুই জামায়াত কর্মী আহত হয়েছেন। আহতদের প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পিপিএম আহত হয়। তিনি নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ সালাহ উদ্দিন বলেন, নাঙ্গলকোট থানা পুলিশের একটি টহল দল শনিবার গভীর রাতে উপজেলার আদ্রা ইউপির লধুয়া নামক স্থানে পৌঁছালে জামায়াত কর্মীরা তাদের ককটেল হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায়। এ সময় উপজেলার দৌলখাঁড় ইউপির বাম গ্রামের জামায়াত কর্মী বেলায়েত হোসেন (৪৫) ও একই গ্রামের জামায়াত কর্মী বেল্লাল হোসেন (২৮) পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ এ সময় ১টি পেট্রোল বোমা ও ১২টি ককটেল উদ্ধার করেছে।
