চীনের একটি চিড়িয়াখানায় বাঘের সাথে কুকুরের বন্ধুত্ব গড়ে ওঠার একটি চমকপ্রদ খবর পাওয়া গেছে। খবর এনডিটিভি’র।
চীনের টংলিংয়ের তিয়ানঝিয়ানজু চিড়িয়াখানায় টনটং নামের একটি বাঘশাবক একাকিত্ব কাটাতে হুয়াং হুয়াং নামের সমবয়সী একটি কুকুর ছানার সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে। এখন বেশ জমে ওঠেছে এদের বন্ধুত্ব। ওই দুই বন্ধুর সাথে বর্তমানে হুয়ান হুয়ান নামের আরেকটি বাঘশাবকের বন্ধুত্ব গড়ে ওঠেছে।
তিয়ানঝিয়ানজু চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, জন্মের পর মা বাঘিনী টনটং’র উপর আক্রমণ করলে এটিকে মায়ের কাছ থেকে সরিয়ে নেয়া হয়। এ সময় টনটং একাকিত্বে ভোগায় কুকুর হুয়াং হুয়াংয়ের সঙ্গে এর পরিচয় ঘটানো হয়। ব্যস বন্ধুত্ব শুরু। সাত বছর ধরে এ দুই প্রাণী ভাইয়ের মতো একই খাঁচায় খেলে, খায় ও ঘুমায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, বাঘ দুটি মারামারি করলেও কুকুর বন্ধু যাতে আঘাত না পায় সে ব্যাপারে এরা সজাগ থাকে।
