বিশ্ব সুন্দরীকে বিদ্রোহীদের আমন্ত্রণ!

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:২৪
 
সম্প্রতি শেষ হওয়া বিশ্ব সুন্দরীর আসরে মুকুট জিতেছেন কলম্বিয়ার পাওলিনা ভেগা। আর এবার সরকারের সঙ্গে শান্তি আলোচনার সময় মিস ইউনিভার্সকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির মার্কসবাদী বিদ্রোহী গ্রুপ ফার্ক। শনিবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ব্যারেনকুইল্লা শহরের নিবাসী ভেগা (২২) ব্যবসা প্রশাসনে পড়ছেন। একতই সঙ্গে মডেলিংয়ের সঙ্গে যুক্ত তিনি। গত জানুয়ারিতে মিস ইউনিভার্সের খেতাব জেতেন ভেগা। ঐ সময় একটি সাক্ষাত্কারে ভোগা বলেছিলেন, তিনি শান্তি আলোচনায় অংশগ্রহণ করতে ইচ্ছুক।
গত শুক্রবার ফার্ক (রেভেলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া) এক বিবৃতিতে ভেগাকে উদ্দেশ্য করে লিখেছে, ‘হাভানাতে আপনার আগমণের ইচ্ছাকে আমরা সম্মান জানাই। সরকারের সঙ্গে আলোচনায় আপনাকে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’
আমন্ত্রণ জানালেও ফার্ক জানায়নি ভেগা কিভাবে তাদের আলোচনায় অবদান রাখবেন। এছাড়া ফার্কের আমন্ত্রণ গ্রহণ করবেন কি না সে সম্পর্কে এখনো কিছু জানাননি ভেগা।
সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা কিউবার রাজধানী হাভানায় আলোচনায় বসবে। গত ৫০ বছর ধরে ফার্ক কলম্বিয়াতে সরকারবিরোধী যুদ্ধ চালিয়ে আসছে।