নোয়াখালীতে চেম্বার অব কমার্স ও দোকানীদের মানববন্ধন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:৪৬
‘সবার ওপরে দেশ, দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও’ ও নির্বিঘ্নে ব্যবসা করতে দাও এসব শ্লোগান দিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে দেশব্যাপী সহিংসতা বন্ধ করার দাবিতে রবিবার জেলা শহর মাইজদীর প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। এ মানববন্ধনে শহরের ব্যবসায়ী ও দোকান কর্মচারী, শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা দোকান বন্ধ রাখেন।
এ সময় শিক্ষার্থীরা ‘ছাত্রছাত্রী পুড়িয়ে মারা ও পেট্রোল বোমা বন্ধ কর’ এবং শ্রমিকরা ‘শ্রমিক মারার আন্দোলন মানি না মানবো না, হরতাল অবরোধ বন্ধ কর’এ সব শ্লোগান  সম্বলিত ফেস্টুন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন চলাকালে নোয়াখালী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি গোলাম জিলানী দিদার, চেম্বারের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, পরিচালক বখতিয়ার শিকদার, মো. ইসমাইল, পৌর বণিক সমিতির সভাপতি ছাইফ উদ্দিন সোহান, সাধারণ সম্পাদক বদিউল আলম ও দোকান কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যদিকে সহিংস রাজনীতি বন্ধ করার দাবিতে জেলা শহরের প্রধান সড়কে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাদা পতাকা হাতে মানববন্ধন করেন ।