পেট্রোল বোমায় দগ্ধ চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:১০
গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ আবুল কালাম আজাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার দুপুরে  রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।আজাদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কামারের ভিটা গ্রামের আব্দুল গফুরের পুত্র। হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মারুফুল ইসলাম জানান, আবুল কালামের শরীরের ৫৫ ভাগ পুড়ে যাওয়ায় গতকাল তাকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিট থেকে আইসিইউ’এ হস্তান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তুলসী ঘাটের বুড়িরঘর পল্লী বিদ্যুৎ অফিস এলাকায়  টাপু এন্টারপ্রাইজের একটি বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয় এক বিজিবি সদস্যসহ ৪০ জন যাত্রী। এদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছিল। এদের মধ্যে আবুল কালাম মারা গেলেন।