রাজশাহীর দুর্গাপুরে স্বামী তাপস পান্নাকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী তৃণাকে লাকড়াকে (৩০) পুলিশ আটক করেছে। শনিবার রাতে উপজেলার পানানগর ইউপির মাহিপাড়া আদিবাসী খ্রিস্টানপল্লীতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃদি দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, শনিবার রাত ১০টার দিকে ঝগড়ার একপর্যায়ে হাতের কাছে হাঁসুয়া দিয়ে তৃণা তার স্বামী তাপসকে কুপিয়ে জখম করেন। আহত অবস্থায় তাপসকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত একটার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাপসের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই তৃণা লাকড়াকে আটক করা হয়েছে।
আটকের পর তৃণা স্বামীকে কুপিয়ে জখম করার কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, হত্যা করার জন্য তিনি কোপ দেননি। রাগের মাথায় কোপ দিয়েছেন। স্বামী মারা যাবেন, তা তিনি ভাবেননি।
