নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরে পৃথক অভিযান চালিয়ে প্রতারকচক্রের ৮ সদস্যকে আটক করেছে। এ সময় তাদের হেফাজত থেকে নকল সোনার বার তৈরি করার সরঞ্জাম এবং ৩১টি নকল সোনার বার উদ্ধার করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া ও চাঁদমারি এলাকায় শনিবার রাত এবং রবিবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সেলিম মিয়া, মোক্তার হোসেন, মাহাবুব, নাসির, জামাল, হাবিবুর, টিটু ও রাজীব।
ডিবির এসআই মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান—তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রতারকচক্রের বেশির ভাগ সদস্য রিকশাচালক। তারা নারী যাত্রী নিয়ে যাওয়ার পথে কৌশলে ১০ টাকার নোট দিয়ে নকল সোনার বারগুলো পেঁচিয়ে রাস্তায় ফেলে রাখত। পরে রিকশা থামিয়ে সেগুলো তুলে যাত্রীদের বলত আপা এগুলো কী? পরে এগুলো সোনার বার বলে ওই নারীদের কাছ থেকে নগদ টাকা বা তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে যেত।
