জনগণের কষ্টার্জিত অর্থের অপচয় রোধের আহ্বান রাষ্ট্রপতির

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৩০
 
 
 
জনগণের কষ্টার্জিত অর্থের অপচয় রোধের লক্ষ্যে ভূমিকা পালনের জন্য বিশেষ করে চার্টাড একাউন্টদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘সরকার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’
 
রাষ্ট্রপতি বলেন, ‘আর্থিক প্রশাসন ও অর্থনৈতিক ব্যবস্থাপনা ক্ষেত্রে জবাবদিহিতা বজায় রাখা অপরিহার্য। আমি আশা করি, চার্টাড একাউনটেন্টগণ স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং শৃঙ্খলা বজায় রেখে সরকারি অর্থের অপচয় রোধে বিশেষ ভূমিকা পালন করবেন।’
 
আজ রবিবার সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টাড একাউনটেন্ট (আইসিএবি) বাংলাদেশের ২০তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণকালে তিনি একথা বলেন। সমাবর্তন অনুষ্ঠানে ৩৩৬ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়।
 
চার্টাড একাউনটেন্টদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, ‘চার্টাড একাউনটেন্টদের পেশার ক্ষেত্রে প্রধান পুঁজি হলো সততা ও জনগণের আস্থা।’

খবর বাসসের।