শিক্ষা অধিদফতরের ৫ কর্মচারীর বিরুদ্ধে মামলা অনুমোদন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ২০:০২
 
 
 
 
শিক্ষক-কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষা অধিদফতরের ৫ কর্মচারীর বিরুদ্ধে পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার কমিশন এ মামলাগুলোর অনুমোদন দিয়েছে। শিগগিরই মামলা দুটি দায়ের করা হবে বলে সূত্র জানিয়েছে।
যাদের বিরুদ্ধে মামলার অুনমোদন দেয়া হয়েছে, তারা হলেন, শিক্ষা অধিদফতরের ইএমআইএস সেলের সিস্টেম এনালিস্ট আবুল ফজল মো. বেলাল, প্রোগ্রামার মো. আসাদুজ্জামান, মো. জিয়াউর রহমান, সহকারী প্রোগ্রামার মো. রফিকুল ইসলাম ও মো. নজিব উদ দৌলা। দুটি মামলাতেই তাদের অভিযুক্ত করা হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে—মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদফতরের সিস্টেম এনালিস্ট ও সহকারী সিস্টেম এনালিস্টগণ নিয়মনীতির তোয়াক্কা না করে পরস্পর যোগসাজশে মাদ্রাসা শাখার কোনো কর্মকর্তার যাচাইকৃত স্বাক্ষর ছাড়াই ২৬৬ জন শিক্ষক-কর্মচারীর নামে এমপিওর চূাড়ান্ত শিট প্রিন্ট করে সরকারের মোট ৪২ লাখ ১৬ হাজার ৮৭০ টাকা আত্মসাত্ করেন। কমিশনের অনুসন্ধানে এ সব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে।
অপর দিকে ২০১৩ সালের মে মাস থেকে জুন মাস পর্যন্ত সময়ে ২৫৬ জন শিক্ষক-কর্মচারীর নামে সরকারের ৪০ লাখ ২২ হাজার ৬৫০ টাকা আত্মসাতের অভিযোগে একটি ও একই সময়ে ১০ জন শিক্ষকের নামে সরকারের এক লাখ ৯৪ হাজার ২২০ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক আরেকটি মামলার অনুমোদন দেয়া হয়েছে। দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দুটি দায়েরের অনুমোদন দেয়া হয়েছে। দুদকের উপপরিচালক আবদুছ ছাত্তার সরকার এ সব অভিযোগ অনুসন্ধান করেছেন।