প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার বিকালে প্রধান বিচারপতির খাস কামরায় এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটা ছিলো সৌজন্য সাক্ষাত্। সুপ্রিম কোর্টের কিছু নিরাপত্তা বৃদ্ধির ব্যাপারে প্রধান বিচারপতি বলেছেন, আমরা সেটা দেখব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাস দমন নিয়ে নতুন কোন আইন প্রণয়নের প্রয়োজন নেই। ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন এখনো কার্যকর আছে। তিনি বলেন, যে কোন মূল্যে সন্ত্রাস দমন করা হবে।
বন্দুকযুদ্ধে নিহতের ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বন্দুক যুদ্ধ শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতে হচ্ছে। যেখানেই সন্ত্রাস হচ্ছে, আপনি দেখছেন, ফ্রান্সে চারজন মেরে ফেলেছে, আমেরিকায় হাত না তুললেই গুলি করে মেরে ফেলে। কাজেই যেখানে সন্ত্রাস দমনের প্রয়োজনীয়তা দেখা দেয়, পুলিশ যেখানে অ্যাকশনে যায়, সন্ত্রাসীকে ধরতে যায়, তখনই বন্দুক যুদ্ধ হয়। বন্দুক যুদ্ধ হলে একটা কিছু হয় সেটা তো আপনারা জানেন।
