নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:২২

নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরমটুয়া ইউনিয়ন কমিটির সহ-সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মিয়া ওরফে বাবুল মেম্বারকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে অবিরামপুর গ্রামের স্বর্ণকার বাড়ির সামনে রাস্তার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে বাবুল মেম্বার ইউনিয়নের ওদারহাট বাজার থেকে তার নিজ বাড়ি খলিশা টোলায় ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা পিছন থেকে তার পিঠে ও শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তার লাশ পার্শ্ববর্তী  অবিরামপুর গ্রামের স্বর্ণকার বাড়ির রাস্তার পাশে ফেলে যায়। আজ সকালে স্থানীয় লোকজন বাবুল মেম্বারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএসএম আশরাফুজ্জামান ও সুধারাম থানা ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের সোলায়মান বাহিনীর সন্ত্রাসীরা ও স্থানীয় রাজনীতির বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে। এদিকে বাবুল মেম্বার হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ইউনিয়ন পরিষদের কলো পতাকা উত্তোলন ও শোক সভার আয়োজন করা হয়েছে, জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়াম্যান কামাল উদ্দিন বাবলু।