বরিশালের আগৈলঝাড়ায় গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের বাইপাশ সড়কে কুয়াতিয়ারপাড় নামক স্থানে রবিবার গভীর রাতে ফলবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন ।
গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার আলামত উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলকর্মী মো. আলিমুনকে আটক করেছে পুলিশ।
ট্রাক ড্রাইভার হাবিবুর রহমান (২৫) জানান, সাতক্ষীরা থেকে ফল বোঝাই করে তাদের ট্রাকটি রাত একটার দিকে মহাসড়কের বাইপাশ রোডের ব্রিজের গোড়ায় পৌঁছালে কয়েকজন অবরোধকারীদের কবলে পড়েন। এ সময় অবরোধকারীরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে তারা ট্রাক থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়। এতে গাড়ীর মালিক আলতাফ হেসেন, ফলের মালিক মামুন ও ড্রাইভার হাবিব আহত হন।
সকালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশালের জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মর্তুজা খান, নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় এমপি হাসানাত ক্ষতিগ্রস্ত ট্রাক মালিককে ক্ষতিপূরণের আশ্বাস দেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
