ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দা গ্রামে আওয়ামী লীগ সমর্থক দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ অর্ধশত রাউন্ড শটগানের গুলি বর্ষণ ও ২ রাউণ্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। গ্রেপ্তার এড়াতে কেউ হাসপাতালে ভর্তি হয়নি। পুলিশ ইউপি মেম্বার আনোয়ার হোসেনসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শৈলকুপার থানার ওসি হাশেম খান জানান, মির্জাপুর ইউনিয়নের বড়দা গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলামের সাথে একই গ্রামের বর্তমান মেম্বার আনোয়ার হোসেনের এলকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সকাল থেকেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়্। দুপুর ১২টার দিকে উভয় পক্ষ ঢাল, শরকি রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শটগানের গুলি বর্ষণ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে র্যাবও ঘটনাস্থলে যায়। উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় হার্ট অ্যাটাকে আব্দুর রশিদ নামে একজন মারা গেছেন।
