নেতৃত্বের পরীক্ষায় উতরে গেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। দলের মধ্যে সোমবার আস্থা ভোটে টিকে গেছেন তিনি। খবর: এএফপির।
লিবারেল পার্টির এমপিরা এ আস্থা ভোটে অংশ নেন। তারা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। এতে টনি অ্যাবোটের পক্ষে ৬১টি এবং বিরুদ্ধে ৩৯টি ভোট পড়ে।
অ্যাবোটের কয়েকটি নীতি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে লিবারেল পার্টির নেতৃত্ব নিয়ে টানাপোড়নের পর এই আস্থা ভোটের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘লিবারেল পার্টিতে যে সমস্যা দেখা দিয়েছিল তার সমাধান হয়েছে। সেগুলো এখন অতীত।’
তিনি বলেন, ‘আমরা মনে করি আপনি যখন একটি সরকারকে নির্বাচিত করবেন, একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবেন, আপনি আপনার পছন্দ পরিবর্তন করার পরবর্তী সুযোগ না পাওয়া পর্যন্ত আপনি সেই সরকার ও প্রধানমন্ত্রীকে রাখতে সচেষ্ট হবেন।’
তিনি ব্যাকবেঞ্চ কমিটির চেয়ারম্যানদের সাথে নিয়মিত বৈঠক করার অঙ্গীকার করেন এবং স্বীকার করেন যে গত বছরের বাজেট অনেক বড় ছিল এবং সময়ের আগেই দেয়া হয়েছিল।
ভোটের পর টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত ভাষণে তার রক্ষণশীল দলে নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে দাবি করেন অ্যাবোট। ভাষণে তিনি দলের মধ্যে ও দেশ শাসনে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
অ্যাবোট অবশ্য এর আগে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার করেছিলেন। তবে রাণী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে অস্ট্রেলিয়ার নাইট উপাধি দেয়া নিয়ে রক্ষণশীল নেতা অ্যাবোটকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। এ পরিস্থিতিতে অনুষ্ঠিত আস্থাভোটে টিকে গেছেন তিনি। তবে নেতৃত্ব বজায় থাকলেও দলের ভেতর দ্বন্দ্বে তার অবস্থান দুর্বল হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
নেতৃত্ব রক্ষা পেলেও তার বিপক্ষে অনেক ভোট পড়ায় বিরোধীদের সঙ্গে অ্যাবোটকে সমঝোতা করতে হবে বলে ধারণা করা হচ্ছে।
