হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুকুর থেকে লোহার রডের সাথে গলায় দড়ি বাঁধা এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করছে। মৃত ব্যবসায়ী পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা নান্টু দেব।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নান্টু দেব দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জ বাজারে হার্ডওয়ার ও মেশিনারিজ ব্যবসা করছেন। রবিবার রাতে দোকানের একটি কক্ষে অন্যান্য দিনের মতো তিনি ঘুমিয়ে পড়েন। সকাল ১০টার দিকে দোকান না খুলায় আশপাশের ব্যবসায়ীরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোন শব্দ না পেয়ে তারা দোকানের পেছনে গিয়ে দরজা খোলা দেখতে পান। বিছানায় অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলেও নান্টু দেব নেই। তারা মনে করেন তিনি পার্শ্ববর্তী পুকুরে অসুস্থ হয়ে পড়ে গেছেন কি-না। এমন সন্দেহ থেকে তারা পুকুরে একটি জাল ফেলেন। জালে ভারি লোহার একখণ্ড রডের সাথে গলায় দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তার মৃতদেহ উঠে আসে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরী জানান, এটি হত্যা না আত্মহত্যা বোঝা যাচ্ছেনা। পোস্টমর্টেম রিপোর্ট এলে এ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে তদন্ত চলছে।
