বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় নিহত ট্রাক হেলপার হাসিবুল হাসান (৩২) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় বিএনপি এবং জামায়াত শিবিরের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩২ জনসহ মোট ৪২ জনকে আসামি করা হয়েছে। রবিবার রাতে ট্রাক মালিক শহীদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শাজাহানপুর থানার ওসি আবদুল মান্নান জানান, এ মামলায় এখন পর্যন্ত রুপীহার গ্রামের আবদুল হান্নান (৪৫), মনোয়ার হোসেন (২৫) এবং বাঁশকোটা গ্রামের ফরিদুজ্জামানকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, ওই ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন তিন জনের অবস্থা এখনও সঙ্কটাপন্ন। বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ট্রাক চালক গোলাম মোস্তফা (৩৫), নাটোরের সিংড়া উপজেলার খসরাত গ্রামের খয়বর আলীর ছেলে কাঁচামাল ব্যবসায়ী আব্দুল আজিজ (৪৫) ও পার্শ্ববর্তী চক নওগাঁ গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে অপর কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৫)। তারা বগুড়া শজিমেক হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন। শনিবার রাতে নাটোর থেকে বগুড়া ফেরার পথে শাজাহানপুর উপজেলার রুপিহার এলাকায় দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়লে তারা দগ্ধ হন।
বগুড়া শজিমেক হাসপাতালের বার্ণ ইউনিটের রেজিস্ট্রার ডা. শহিদুল্লাহ দেওয়ান জানান, দগ্ধ অপর ৩ জনের মধ্যে চালক গোলাম মোস্তফার শরীরের ২৫ শতাংশের বেশি এবং ব্যবসায়ী আব্দুল আজিজ ও জাহাঙ্গীরের ১৫ শতাংশেরও বেশি পুড়ে গেছে। তারা কেউই শঙ্কামুক্ত নন বলে ওই চিকিৎসক জানিয়েছেন।
