গোপালগঞ্জে পোলট্রি খামারে আগুন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৩৫

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে একটি পোল্ট্রি খামারে আগুন দিয়ে ১ হাজার মুরগির প্রাণ কেড়ে নেয়া হয়েছে। এতে খামারের ঘর ভস্মিভূত হয়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার রাত সাড়ে দশটার দিকে  গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের শেওড়াবাড়ী গ্রামের প্রকাশ ভক্তের মুরগির খামারে অগ্নিসংযোগ করা হয়।
খামারের মালিক প্রকাশ ভক্ত বলেন, রবিবার রাতে খামারে আগুন লাগার পর আশে পাশের লোকজনের চিৎকার শুনে আমি দ্রুত সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। কিন্তু তার আগেই খামারের সব মুরগি আগুনে পুড়ে মারা যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এর মধ্যেই আমার সব পুড়ে যায়। শত্রুতা করে এ ঘটনা ঘটানো হয়েছে। অগ্নিকাণ্ডে ১ হাজার মুরগির মৃত্যু, মালামাল ও ঘর পুড়ে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গোপালগঞ্জ থানার ওসি জাকির হোসেন মোল্লা মুরগি ফার্মে আগ্নিকাণ্ডের কথা স্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত প্রকাশ ভক্ত থানায় একটি জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্তে নেমেছে।