মধুখালীর দুই গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৪৫

সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের যাদবপুর ও জগন্নাথদী দুই গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করলেন এলাকাবাসী। সোমবার দুপুরে যাদবপুর ও জগন্নাথদি গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ যাদবপুর কালী মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেন।
যাদবপুর গ্রামের আকমল হোসেন সেখের সভাপতিত্বে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের জিকিউএএল কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট এস এম সারোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চর-বামুন্দী মাদ্রাসার শিক্ষক মো. হাফিজুর রহমান। বক্তব্য রাখেন মো. শাহাদৎ হোসেন, সালমা বেগম, নাজমুল হোসেন, নিখিল দাস, ব্র্যাকের রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আনোয়ার হোসেন সিকদার। এ সময় ওই দুই গ্রামের নারী-পুরুষ, যুবক-যুবতী হাতে হাত রেখে অঙ্গীকার করেন বাল্যবিয়ে করব না, বাল্যবিয়ে দেব না।
মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখ সাব্বির উদ্দিন সাব্বির বাল্যবিয়ে মুক্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্র্যাকের উদ্যোগে দুইটি গ্রামের জনগণের এ ধরণের উদ্যোগকে ধন্যবাদ জানাই। পর্যায়ক্রমে মেগচামী ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত করার উদ্যোগ নেয়া হবে।