হংকংয়ে অর্থ পাচার, সিঙ্গাপুর প্রবাসী হাবিবকে তলব

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৫৯
 
 
হংকংয়ে ট্যুরিস্ট কোম্পানি খুলে ব্যবসার আড়ালে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে সিঙ্গাপুর প্রবাসী সাইদুর রহমান হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার বিকালে কমিশন থেকে জিজ্ঞাসাবাদের এ নোটিশ পাঠানো হয়।
দুদকের সিনিয়র উপ-পরিচালক মো. জুলফিকার আলী স্বাক্ষরিত ওই নোটিশে তাকে আগামী ১৫ ফেব্রুয়ারি দুদকের জিজ্ঞাসাবাদে হাজির থাকতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, হংকংয়ের রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থা ইন্ডিপেন্ডেন্ট কমিশন এগেইনস্ট করাপশন (আইসিএসি) থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দুদকে পাঠানো হয়। দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে। আইসিএসির ওই অভিযোগে বলা হয়েছে, AF ৫৭৩৯৫৩৩ পাসপোর্টধারী ব্যক্তি হংকংয়ে ট্যুরিস্ট কোম্পানি খুলে ব্যবসার আড়ালে অর্থ পাচারে জড়িত।

দুদক সূত্র জানায়, অর্থ পাচারের অভিযোগে ওই পাসপোর্টধারী সিঙ্গাপুর প্রবাসী সাইদুর রহমান হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। রাজধানীর উত্তরায় তার বর্তমান ঠিকানায় ও সাভারের তার স্থায়ী ঠিকানায় জিজ্ঞাসাবাদের ওই নোটিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি সাইদুর রহমান হাবিব বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে হংকংয়ে পরিচালিত ট্যুরিস্ট কোম্পানির বিভিন্ন তথ্য জানা যাবে।