বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সরকারবিরোধী গণআন্দোলনকে কলুষিত করতে বিরোধী দলীয় আন্দোলনকারী নেতা-কর্মীদের ওপর নাশকতার দায় চাপিয়ে আন্দোলনকে নস্যাৎ করতে চায় সরকার। রবিবার চট্টগ্রামে যুবলীগের কার্যালয় থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে যার সচিত্র প্রতিবেদন আজ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। অথচ সরকারদলীয় কাউকেই গ্রেফতার করা হয়নি। সুতরাং জাতির কাছে এটা পরিস্কার যে, এ সমস্ত নাশকতার সাথে কারা জড়িত।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সংকটের কারণে সৃষ্ট পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে অবৈধ ক্ষমতাসীনদেরকেই নিতে হবে। ভুয়া নির্বাচনের মাধ্যমে জবরদস্তি করে ক্ষমতায় থাকার স্বপ্নসাধ গণআন্দোলনে ধূলিস্যাত হয়ে যাবে শিগগিরই। সরকারের পতন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, জনগণের বিপক্ষ শক্তি হিসেবে নিজেদের দাঁড় করাবেন না। গণতন্ত্র মুক্তি আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান সর্বাত্মক হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
