গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য ও থানা পুলিশের সোর্স রানা সরকারের (৩৫) ওপর হামলা চালিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবিরের ক্যাডাররা। পলাশবাড়ী উপজেলা সদরের কালীবাড়ী বাজার এলাকায় সোমবার এ ঘটনা ঘটে। রানা সরকার গাইবান্ধা সদর উপজেলার কোমরনই গ্রামের মৃত. ফুল মিয়ার ছেলে। রানা সরকারের দলীয় পরিচয় পলাশবাড়ী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, থানা পুলিশের সোর্স রানা সোমবার সকাল ১০টার দিকে কালীবাড়ী বাজারের উপজেলা কেন্দ্রিয় কালী মন্দিরের পাশে উদয়সাগর এলাকায় একটি সেলুনে চুল-দাড়ি কাটাতে আসেন। এসময় ৮/১০ জনের একদল সশস্ত্র জামায়াত-শিবির ক্যাডার রানার উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে তার দুই পা ও ডান হাতের রগ কেটে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো জানান, পুলিশেকে বিভিন্ন কাজে সহায়তা করার জন্য তাকে হামলা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ওসি বলেন, চিকিৎসার কারণে হয়তো এখনও পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।
