বিএনপি জোটের ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবারও নগরবাসীর জীবনযাত্রা ছিল স্বাভাবিক। রাজধানীর কোথাও হরতালের কোন প্রভাব ছিল না। হরতাল আহ্বানকারীদের কোন মিছিলও দেখা যায়নি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গণপরিবহন ও প্রাইভেট কার চলাচল করেছে। কাওরান বাজার, শাহবাগ, পল্টন, মতিঝিল ও দৈনিক বাংলাসহ গুরুত্বপূর্ণ সড়কে দিনভর ছিল যানজট। সচিবালয়সহ অফিস-আদালতের কার্যক্রম ছিল স্বাভাবিক। তবে দূরপাল্লার রুটে যান চলাচল ছিল কিছুটা কম।
নাশকতা মোকাবেলায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। দুপুর ২টা ২০ মিনিটে সচিবালয়ের পিছনে তোপখানা রোডে কে বা কারা হঠাত্ দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হননি। সন্ধ্যা ৭টার দিকে লালবাগের শরীফ হোটেলের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে দুই রিকশা চালক দুলাল ও সাদ্দাম আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে মত্স্য ভবনের উত্তর পাশে আবিদ হাসান নামক এক পিকেটার ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পথচারীরা তাকে ধাওয়া করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে গিয়ে ধরে ফেলে। সেখানে তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
