গাইবান্ধায় ২ ট্রাকে পেট্রোল বোমা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৫২
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাল বোঝাই দুইটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতাল-অবরোধকারী পিকেটাররা। এতে একটি ট্রাকের আংশিক ও অপরটির প্রায় সম্পন্ন অংশই পুড়ে গেছে। মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী পরিদর্শক (এস আই ) জালাল উদ্দিন জানান, একটি ট্রাক সার নিয়ে এবং অপরটি প্লেন স্টিল সিট নিয়ে একসাথে রংপুর যাচ্ছিল। পথে সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে ওই দুই ট্রাক লক্ষ্য করে পর পর দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে সার বোঝাই ট্রাকটির সামনের কিছু অংশ এবং প্লেন স্টিল সিট বোঝাই ট্রাকটির প্রায় সম্পন্ন অংশই পুড়ে যায়। তবে ট্রাক চালক ও তার সহকারী দ্রুত নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পিকেটাররা পালিয়ে যায়।