রাজশাহী মহানগরে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি বাসে এ হামলার ঘটনা ঘটে। জিয়াউল ইসলাম নামে বাসের এক যাত্রী সামান্য আহত হয়েছেন।
শিশির পরিবহনের হেলপার সিরাজুল ইসলাম জানান, ঢাকার কল্যাণপুর থেকে যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়ে রাত সাড়ে নয়টার দিকে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অদূরে পানির ট্যাঙ্কের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত বাসটিকে লক্ষ্য করে পেট্রোলবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে জিয়াউল ইসলাম নামে এক যাত্রী সামান্য আহত হন।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, হামলার খবর পেয়ে পুলিশ দুই রাউন্ড গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে বাসের তেমন কোনো ক্ষতি না হলেও এক যাত্রী সামান্য আহত হয়েছেন।
