কালিয়ায় আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:২৩
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এনামুল হক (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হন। মঙ্গলবার সকালে বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়নের বড়নাল স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা বড়নাল-ইলিয়াছাবাদ ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের মধ্যে এলাকার আধিপত্য বিস্তারনিয়ে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় গুলিতে এনামুল নিহত হন। এনামুল নজরুল ইসলামের সমর্থক বলে দাবি করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিনি হেদায়েতপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান মনিরুল ইসলামকে আটক করা হয়েছে।