হরতাল বাড়ল শুক্রবার সকাল পর্যন্ত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৫২
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই ঘোষণা দেন।
সালাহ উদ্দিন বলেন, ‘চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আবারো বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি বাড়ানো হলো।’
তিনি বলেন, ‘গণদাবির বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছপা হবে না ২০ দলীয় জোট। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন চালিয়ে যেতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রাত নয়টার পর মহাসড়কে বাস চলাচল বন্ধ ঘোষণার মধ্য দিয়ে প্রকারান্তরে সরকারের অস্তিত্বহীনতাকেই স্বীকার করে নেয়া হলো। অচিরেই সরকার দিনের বেলাতেও সকল সরকারি অফিস বন্ধ করে দিতে বাধ্য হবে।’