ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যকে চিরতরে প্রতিহত করতে দেশের মানুষ মাঠে নেমে এসেছে। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়েরর সামনে আওয়ামী সমর্থক জোট আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপির নেতা-কর্মীরা মাঠে নেই। তাই ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে তারা ক্ষমতায় যেতে চায়।
বিএনপির এ উদ্দেশ্য সফল হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, সন্ত্রাসীদের দমন করার জন্য সরকারের যতটুকু কঠোর হওয়ার দরকার, সরকার ততটুকু কঠোর হবে।
মায়া বলেন, বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের রাজপথ দখলে রেখে বোমাবাজদের ধরে গণধোলাই দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে সোপর্দ করতে হবে।
বিএনপি জামায়াতের হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে আওয়ামী সমর্থক জোট এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
