সাগরে ট্রলারের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৩২

পাথরঘাটা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বিষখালী নদীতে ট্রলারের ধাক্কায় একটি মাছ ধরা ট্রলারসহ ১ জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে বঙ্গোপসাগরের কুমিরমারা এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলার ডুবির ৬ ঘণ্টা পর মঙ্গলবার ৭ জেলে উদ্ধার হলেও এফবি ইয়াহিয়া ট্রলার ও সলেমান নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
ফিরে আসা জেলেদের মধ্যে হানিফ মিয়া ও ইছাহাকের নাম জানা গেছে। জেলে ও ট্রলার মালিকের বাড়ি পাথরঘাটা উপজেলার তাফালবাড়িয়া গ্রামে।
ফিরে আসা জেলে ইছাহাক ও হানিফ মিয়ার বরাত দিয়ে এফবি ইয়াহিয়া ট্রলারের মালিক মো. ইয়াহিয়া জানান, মাছ ধরার জন্য সাগরে যাওয়ার উদ্দেশে কুমিরমারা এলাকায় বিশ্রাম নেয়ার জন্য এফবি ইয়াহিয়া ট্রলারটি নোঙর করে সকলে ঘুমিয়ে পড়ে। এক পর্যায় রাত ২টার দিকে অপর একটি ট্রলার দ্রুত গতিতে এসে তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এ সময় মাছ ধরা ট্রলারটির তলা ফেটে গেলে ঘটনাস্থলেই এটি ডুবে যায়। প্রায় ৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৮টার দিকে নামবিহীন একটি ট্রলারের জেলেরা ৭ জেলেকে উদ্ধার করে। কিন্তু অপর জেলে সলেমানকে পাওয়া যায়নি।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।