‘সরকারি কর্মকর্তাদের জন্য ১ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৩৯
 
 
 
‘রাজধানীর মতিঝিল ও আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য এক হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে।’ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনাকসা হলে মঙ্গলবার সকালে দেশে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক লিফট ও স্কেলেটর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আবাসন শিল্প। এ শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে দেশে অনেক সুউচ্চ ভবন নির্মিত হচ্ছে। আর এ জন্য এলেভেটর ও স্কেলেটরের মতো শিল্পের চাহিদাও বাড়ছে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ খাত। সরকার এ খাতের উন্নয়নে খুবই আন্তরিক।’
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার রাজধানীতে এবং আশপাশের এলাকায় সুউচ্চ ভবন নির্মাণ করবে। এ সব ভবনে এলিভেটর ও স্কেলেটরের মতো প্রযুক্তি থাকবে। মিরপুর ও মোহাম্মদপুরে সরকারি উদ্যোগে সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ করা হবে।’
মন্ত্রী বলেন, ‘দেশে সরকারি কর্মকর্তাদের সংখ্যা দেড় লাখ। অথচ মাত্র ৫০ হাজার কর্মকর্তাদের আমরা আবাসন-সুবিধা দিতে পেরেছি। বাকি এক লাখ কর্মকর্তাদেরও আবাসিক সুবিধার আওতায় আনবে সরকার।’
এ লক্ষ্যে মতিঝিল ও আজিমপুরে এক হাজার কর্মকর্তার জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং রিহ্যাবের প্রেসিডেন্ট এবং শামসুল আল-আমিন গ্রুপের পরিচালক আলমগীর শামসুল আল আমিন।
লিফট ও স্কেলেটর শিল্পে এই  প্রদর্শনী দেশে নতুন বাজার তৈরিতে কাজ করবে। ক্যাপসুল লিফট, স্কেলেটর, ইএমই উপাদান প্রস্তুতকার, লিফটের কেবিন, যন্ত্রাদি, লিফটের দরজা, উচ্চগতি সম্পন্ন গভর্নর্স, নিরাপত্তামূলক যন্ত্রাদি, হাইড্রোলিক যন্ত্রাদি এবং লিফট ও স্কেলেটরসহ অন্যান্য যন্ত্রাংশ প্রদর্শিত হচ্ছে এ এক্সপোতে।
ভারত, চীন, কোরিয়া, ইতালিসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনাকসা ও রাজদর্শন হলে এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর আয়োজনকারী প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশন অ্যান্ড এক্সিবিশনের ভারতীয় পরিচালক অনীতা রঘুনাথ বলেন, ‘ঢাকার প্রদর্শনীতে সরকারের পাশাপাশি শিল্প সংগঠকরা বিশেষভাবে সাহায্য করেছেন। যেহেতু, বাংলাদেশে লিফট ও স্কেলেটরের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এখনই সর্বোত্কৃষ্ট সময় এ ধরনের প্রদর্শনী বৃদ্ধি করার।