নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার বিসিক শিল্প নগরীতে প্রাউড টেক্সটাইল নামে একটি গামেন্ট কারখানার ভেতরে বোমা রাখা আছে এবং এটা কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হবে বলে হুমকি দেয়া হয়েছে। সোমবার গার্মেন্টের মালিক শ্যামল কুমার সাহার ব্যবহৃত মোবাইল ফোনে রবি মোবাইল কোম্পানির একটি নাম্বার (০১৮২৪৫৯৪০৭১) থেকে এমন এসএমএস দিয়ে হুমকি দেয়া হয়। এ ঘটনায় কারখানাটির মালিক বাদী হয়ে সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়রী নং-৪৩৯।
শ্যামল কুমার সাহা জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে সোমবার একটি এসএমএস আসে যেখানে উল্লেখ রয়েছে ‘তোমার কারখানার ভিতরে বোমা রাখা আছে, এটা কিছুক্ষণের মধ্যে ফেটে যাবে। এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।’
তিনি আরও বলেন, সোমবারও শ্রমিকেরা কর্মবিরতী পালন করেছে। আবার সোমবারেই এমন এসএমএস আসার বিষয়টি আমি ঠিক বুঝে উঠতে না পেরে আতঙ্কগ্রস্ত হয়ে থানায় সাধারণ ডায়রি করেছি।
প্রসঙ্গত, প্রাউড টেক্সটাইলে গত কয়েকদিন যাবত কারখানার শ্রমিকেরা ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে কর্মবিরতী পালন করে আসছিল। যার মধ্যে শনিবার থেকে সোমবার পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতী পালন করে।
অপরদিকে মালিকপক্ষ ও শিল্প পুলিশের দাবি কিছু সংখ্যক শ্রমিকদের নিয়ে ট্রেড ইউনিয়ন করতে না পেরে বরখাস্তকৃত ৭ জন শ্রমিক ও কতিপয় শ্রমিক নেতা ইন্ধন দিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করেছে।
এমতাবস্থায় কারখানার মালিকের মোবাইল ফোনে এমন হুমকির পরদিন মঙ্গলবার কারখানাটি ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে কারখানাটির শ্রমিকেরা। সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন গোলক, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে তারা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ কর্মসূচিতে ইকবাল হোসেন দেশের বর্তমান পরিস্থিতিতে ১৩(১) ধারায় কারখানাটি বন্ধ করে দিয়ে শ্রমিকদের উস্কে দিয়েছেন বলে মন্তব্য করে কারখানার মালিকের গ্রেপ্তার দাবি করেন।
