রূপগঞ্জে ব্যবসায়ী অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৫৪

রূপগঞ্জে সবুজ মিয়া (২৬) নামে এক ক্যাবল ব্যবসায়ীকে অপহরণের পর অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর একটায় কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এফ খান ফিলিং স্টেশনের সামনে থেকে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। তিনি আঁখি ক্যাবল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক।
অপহৃত সবুজ মিয়ার পিতা সাত্তার মিয়া জানান, দুপুর একটার দিকে তার ছেলে সবুজ মিয়া নিজ বাড়ি থেকে ব্যবসায়িক কাজে ভুলতা এলাকায় যাওয়ার জন্য কালাদি এলাকার এফ খাঁন ফিলিং স্টেশনের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময়  একটি সাদা প্রাইভেটকারযোগে ৪ থেকে ৫ জন অপহরণকারী এসে অস্ত্রের মুখে জিম্মি করে সবুজ মিয়াকে নিয়ে যায়। পরে বিকেল ৪টার দিকে অপহৃত সবুজ মিয়ার ব্যবহৃত মোবাইল থেকে ফোন করে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, অপহৃত ব্যবসায়ী সবুজ মিয়াকে উদ্ধার ও অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।