সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর চলমান সহিংসতা প্রসঙ্গে বলেছেন, অনেক দেশ বলছে আপনারা সংলাপ করুন। কিসের সংলাপ, কার সথে সংলাপ। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে তো একশত কোটি টাকা লাগে। এর পরে যে সরকার আসবে, তার বিরুদ্ধ পক্ষ একশত কোটি টাকা খরচ করে দেশে এ পরিবেশ সৃষ্টি করবে। এরপর সংলাপে বসতে হবে এবং তার সাথে একটা কম্প্রমাইজে বসতে হবে এবং তার হাতে ক্ষমতাটা তুলে দিতে হবে। এটা কি রাজনীতি হতে পারে। একটা দেশের সন্ত্রাসের মোকাবেলা করতে গেলে কী সংলাপ দিয়ে হয়। পৃথিবীতে কোথাও এমনটা হয়নি।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত ছয় দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। সংগঠনটির সভাপতি সুজন হায়দার জনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমদাত হোসাইন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আকম গিয়াস উদ্দিন আহম্মেদ, সাবেক দু’ সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী ও মোস্তফা আল মামুন টিটু এবং গঠনটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাগর।
সংস্কৃতিমন্ত্রী বলেন, স্বাধীনতার এত ত্যাগের পর এখনও বৈরি শক্তি থাকতে পারে এবং দেশের মানুষকে নির্বিচারে মারতে পারে। যাদের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। এটা বিশ্বাস করা বিস্ময়কর। সাধারণ মানুষ-একজন বাসের চালক, রিকশা চালক, একজন শিশু একজন মা, যারা কোন দল করে না রাজনৈতিক মতবাদ প্রচার করে না যারা, শুধু মাত্র জীবীকা অর্জনের মধ্য দিয়ে জীবন যাপন করে সেই মানুষগুলোকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তিনি প্রশ্ন করেন-কল্পনা করতে পারেন পুড়তে একটা মানুষকে কত কষ্ট পেতে হয়। কত বিভৎস সে মৃত্যু। কয়েকদিন আগে আমরা ইন্টারনেটে একটা ছবি দেখলাম। একটা লোহার খাচার মধ্যে জর্ডানের সেই বৈমানিক বন্দীকে তার চারপাশে আগুন জ্বলছে এবং আগুনটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। কী ভয়াবহ মৃত্যু। আইএসএ’র সংগঠিত ঐ একটি মৃত্যু দেখে সারা পৃথিবী শিউরে উঠেছে। আর আমার দেশের এ মৃত্যু প্রতিদিন। এটা বিশ্ব দেখছে না?
