আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার চলমান আন্দোলন জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে, সরকার পতনের নয়। দেশের স্বাধীনতা মেনে নিতে পারেননি বলেই উনি এই নাশকতা চালাচ্ছেন, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করছেন।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠনের ঢাকা মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে কার্যত মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে ৭২-এর সংবিধানের মূল ৪ স্তম্ভ প্রতিষ্ঠা করেছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশের সংবিধান পরিবর্তনের গভীর ষড়যন্ত্র চলছে।’
