বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার গৃহকর্মী নিতে চুক্তি করেছে সৌদি আরব। সর্বনিম্ন বেতন নির্ধারণ হয়েছে ৮’শ রিয়েল (প্রায় ১৬ হাজার ৬০০ টাকা)। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ সচিব মো. ইফতেখার হায়দার ও সৌদি আরবের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী আহমেদ আল ফাহাদ এই সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা স্মারকে সই করার পর প্রবাসী কল্যাণ সচিব ইফতেখার হায়দার বলেছেন, ‘এখন থেকে সৌদি আরবে জনশক্তি রফতানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গত দুই দিন দুই পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সবকিছু মিলিয়ে সৌদি আরব গৃহকর্মী নিতে সম্মত হয়েছে।’
তিনি বলেন, ‘গৃহস্থালি খাতে যে ১২টি পেশা রয়েছে এর মধ্যে শুধু গৃহকর্মীদের নূন্যতম মজুরি নির্ধারণ হয়েছে; ৮শ রিয়েল। অন্যান্য ১১টি পেশার কোনো মজুরি নির্ধারণ হয়নি।’
প্রবাসী কল্যাণ সচিব জানান, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকরা যে পরিমান কাজ করার কথা তা করবে। সেটি না হলে নিয়োগকর্তার সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে মজুরি ঠিক হবে। নির্ধারিত সময়ের বেশি কাজ করলে তারা ওভারটাইম পেতে পারেন।
