প্যারিসের রাস্তায় অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে নিষেধাজ্ঞা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৩৫

 

প্যারিসের রাস্তায় সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং নিষিদ্ধ করা হয়েছে। গত মাসে শার্লি এবদো পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার পর অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করলো দেশটি। খবর-ডেইলি মেইলের।

প্যারিসের পুলিশ কমান্ডার বলেছেন, 'এসব দৃশ্যে অভিনয় করা উর্দি পরা লোকেরা সন্ত্রাসীদের লক্ষ্যে পরিণত হতে পারে। এছাড়াও সাধারণ মানুষ এসব সিনেমার শুটিং দেখেও বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।'

এছাড়াও জানানো হয়েছে, শহরে নকল বন্দুক এবং স্পেশাল ইফেক্ট ব্যবহার করে শুটিংয়েও নিষেধাজ্ঞা দেয়া হবে। গত বছর প্যারিসে নয় 'শ ৩০টি গুলির ঘটনা ঘটে। এর মধ্যে ২০ টি ঘটনার সাথে আন্তর্জাতিক চক্র জড়িত ছিল।

জানুয়ারিতে শার্লি এবদোর অফিসে সন্ত্রাসী হামলার ঘটনায় ২০ জন নিহত হওয়ার পর প্যারিসে এখনও জনমনে অনিশ্চয়তা বিরাজ করছে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কর্মীরা সতর্ক প্রহরা দিচ্ছেন ধর্মীয় উপাসনালয়, সংবাদ প্রতিষ্ঠান এবং বড় বড় শপিং মলগুলোতে।

উল্লেখ্য, ২০০৮ সালে হলিউডের সাড়া জাগানো 'টেকেন' সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলো প্যারিসে শুটিং করা হয়েছিল। সিনেমাটিতে বন্দুকযুদ্ধ, বিস্ফোরণ ও গাড়ি নিয়ে ধাওয়ার দৃশ্যগুলো প্যারিসের রাস্তায় শুটিং করা হয়।