হত্যা, ডাকাতি ও সন্ত্রাসসহ ৫ মামলার আসামি মাসুদ ওরফে নিগ্রো মাসুদ (৩০) গণপিটুনিতে নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালীতারা বাজারে সে গণপিটুনিতে আহত হয়েছে। বিকালে আদালত থেকে মাসুদকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর পর সন্ধ্যা ৬টার দিকে সে কারাগার ফটকে মারা যায়। নিহত মাসুদ নোয়াখালী ইউনিয়নের চর উড়িয়া গ্রামের আবুল কালামের পুত্র। সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, কালীতারা বাজারের স্থানীয় লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করে। আহত মাসুদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়ার পর আদালতে সোপর্দ করা হয়। আদালত থেকে তাকে জেল হাজতে পাঠালে জেল গেটে তার মৃত্যু ঘটে।
