ইউক্রেন নিয়ে সম্ভাব্য শান্তি আলোচনা শুরুর আগে দেশটির পূর্বাঞ্চলে চলমান লড়াই বৃদ্ধি পেয়েছে। রুশ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যুদ্ধবিরতি এবং তা পর্যবেক্ষণের বিষয়ে একটি সমঝোতায় আসা সম্ভব হয়েছে এবং ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে কর্তৃপক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়নি। খবর বিবিসির।
সরকার-নিয়ন্ত্রিত শহর ক্রামাটর্সকে গোলাবর্ষণের ফলে অন্তত আটজন বেসামরিক নাগরিক এবং চারজন সেনা নিহত হয়েছে। মারিওপোলে ইউক্রেনপন্থী মিলিশিয়ারা বিদ্রোহীদের ওপর নতুন করে হামলা শুরু করেছে।
আধিপত্য বিস্তারের জন্য একদিকে লড়ছে বিবদমান পক্ষগুলো, অন্যদিকে যুদ্ধ থামিয়ে পূর্বাঞ্চলে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে বুধবার শুরু হবার কথা রয়েছে শান্তি আলোচনা।
ইউক্রেন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের নেতাদের অংশগ্রহণে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ-এর রাজধানী মিনস্ক-এ আলোচনাটি শুরু হবার কথা।
হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনা শুরুর আগেই মঙ্গলবারে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গত বছরের এপ্রিল মাস থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে সংকটের শুরু।
পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদেরকে রাশিয়া মদদ দিচ্ছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব। কিন্তু বরাবরই অভিযোগ নাকচ করে এসেছে রাশিয়া।
জাতিসংঘের হিসেব মতে, পূর্বাঞ্চলের এই সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছে ৫,৪০০ জনেরও বেশি মানুষ।
