অবরোধের আগুনে দগ্ধরা পাচ্ছেন ১০ লাখ টাকা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৪৫
বিএনপি-জামায়াত জোটের অবরোধে সহিংসতার কর্মসূচিতে গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমায় দগ্ধ প্রত্যেককে ১০ লাখ টাকার অর্থ সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে অবরোধের আগুনে পুড়ে হতাহত ৬৩ জনের পরিবারের হাতে তুলে দেন ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র।
পর্যাক্রমে যাছাই বাছাই শেষে দেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় ২০ দলীয় জোটের বোমা হামলায় দগ্ধদের ক্ষতিপূরণ হিসেবে পারিবারিক এ সঞ্চয়পত্র দেয়া হবে।
এ ক্ষতিপূরণ পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে সরকারি কোষাগার রেখে প্রতিমাসে ১০ হাজার টাকা করে ওইসব ভুক্তভোগী ব্যক্তিকে দেয়া হবে। অগ্নিদগ্ধ ব্যক্তির অবর্তমানে তার পরিবারের সন্তানরা এ অর্থ ভোগ করবেন।
এর আগে প্রধানমন্ত্রী ২০ দলীয় জোটের অবরোধ ও হরতাল সহিংসতার কর্মসূচিতে বোমা-হামলায় দগ্ধদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. জুলফিকার আলী লেলিন এ খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন।
প্রাথমিক পর্যায়ে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইতিমধ্যে ক্ষতিপূরণ প্রাপ্ত ওই ৬৩ জন দগ্ধ নারী-পুরুষকে এ অর্থ দেয়ার জন্য বিবেচনা করা হয়েছিল।