দিল্লির পরাজয়ের সুর বিয়েতেও

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৪৮
 
ভারতের দিল্লিতে ক্ষমতাসীন বিজেপির জন্য মঙ্গলবার ছিল চরম পরাজয় ও ব্যর্থতার দিন। আম আদমি পার্টির কাছে হেরে বেদনার সুর বেজেছে বিজেপির মনে। আর ঐদিনই ছিল দলটির প্রধান অমিত শাহ’র ছেলের বিয়ের অনুষ্ঠান। নির্বাচনে হেরে যাওয়ার প্রভাব পড়েছে বিয়েতেও।
দিল্লির বিধানসভার নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬৭টি আসনই পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। অন্যদিকে বিজেপি পেয়েছে, মাত্র তিনটি আসন।
মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদে জয় শাহ’র বিয়েতে একটি বাদ্যদল আনা হয়েছিল। কিন্তু তারা কোনো কিছু না বাজিয়েই চলে গেছে। এমনকি বরপক্ষকে আমন্ত্রণ জানানোর সময় কোনো পটকাও ফোটানো হয়নি। ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বিমর্ষ ছিলেন অমিত শাহ। ক্লাবের ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে তিনি কথাও বলেননি।
খুব সাদামাটাভাবে ঐতিহ্যবাহী গুজরাটি রীতিতে বিয়ের অনুষ্ঠান পালন করা হয়েছে। মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য, বিজেপির জ্যেষ্ঠ নেতারা ও ব্যবসায়ীসহ প্রায় এক হাজার অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ছেলের বিয়েতে দুইট বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করেছেন অমিত শাহ। একটি ছিল মঙ্গলবার আহমেদাবাদে, অন্যটি রোববার হবে দিল্লিতে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়শনের সেক্রেটারি জয় শাহ তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের বান্ধবীকে বিয়ে করেছেন।