পাবনার সুজানগরে ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ নসিমনের ছয় যত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো কমপক্ষে ৪ জন। বুধবার সকালে উপজেলার আমিনপুর থানাধীন আহমেদপুর ইউনিয়নের 'আহমেদপুর অটো গ্যারেজে'র সামনে পাবনা-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, আহসান উল্লাহ (৬০), রুনা খাতুন (১৬), বন্যা খাতুন (১০), আব্দুল মতিন মীর (৫০) এবং আসমা খাতুন (৪৫) ও তার ছেলে মাসুদ রানা (১৪)।
আমিনপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আমিনপুর থানাধীন আহমেদপুর ইউনিয়নের 'আহমেদপুর অটো গ্যারেজে'র সামনে একটি নসিমন ৮/১০ যাত্রী নিয়ে আরো যাত্রী নেয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় পাবনা থেকে সিরাজগঞ্জগামী একটি ট্রাক পিছন থেকে নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আহসান উল্লাহ, রুনা খাতুন ও মাসুদ রানা মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বন্যা খাতুন, আব্দুল মতিন মীর এবং আসমা খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় আরো কমপক্ষে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারকে ১০ হাজার করে টাকা অনুদান দেয়া হয়েছে।
