ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। বুধবার সকাল সাড়ে আটটার দিকে তাকে আটক করা হয়।
শুল্ক বিভাগের যুগ্ম-কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন জানান, সকালে কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন মিন্টু। বিমানবন্দরের গ্রিন সিগন্যাল পার হওয়ার সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছে থাকা রাইস কুকারে ভাঙা ও গলানো অবস্থায় দুই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এর বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা।
