খাগড়াছড়িতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:০৯
 
 
 
 
খাগড়াছড়িতে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় ডলিপ্রু মারমা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে জেলা সদরের জিরোমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ডলিপ্রু জেলার সদর উপজেলার মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সে মধুবাজার এলাকার বাসিন্দা অংতাই মারমার কন্যা।
মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপন আক্তার জানান, দুপুরে বিদ্যালয় ছুটির পর ডলিপ্রু মারমা বাড়ি ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।  
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক সঞ্জীব ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, চালকসহ টমটমটি আটকের চেষ্টা চলছে।