ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তিন শতাধিক অভিবাসী নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে। ইটালির কোস্টগার্ড দুইটি নৌকা থেকে নয় জনকে জীবিত উদ্ধার করে ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে গিয়েছে।
দুর্ঘটনার শিকার এই যাত্রীরা লিবিয়া থেকে তিনটি বাতাসে ফুলানো নৌকা নিয়ে ইটালি যাওয়ার চেষ্টা করছিলেন। ঝড়ো আবহাওয়ার কারণে নৌকা তিনটি ডুবে যায়।
জাতিসংঘের শরণার্থী সংস্থার কর্মকর্তা কার্লোটা স্যামি এক টুইটার বার্তায় জানিয়েছেন, আর কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা ক্ষীণ। জীবিত উদ্ধার হওয়া লোকজন জানিয়েছেন, এক একটি নৌকায় প্রায় এক 'শ জন করে যাত্রী ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে তিনটি নৌকা নিয়ে অভিবাসীরা লিবিয়া ছেড়েছিল। এছাড়াও তাদের সাথে আরো একটি অতিরিক্ত নৌকা ছিল। এই নৌকাটি থেকেই ইটালির কোস্টগার্ড রবিবার এক 'শ পাঁচ জনকে প্রচণ্ড ঠাণ্ডার মধ্য উদ্ধার করে। ইটালি নিয়ে যাওয়ার পথে ১৮ ঘণ্টায় তাদের মধ্যে ২৯ জন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
শুধুমাত্র গত বছরেই উত্তর আফ্রিকার দেশগুলো থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
