নাশকতাকারীদের দ্রুত বিচার আইনে শাস্তি হবে : প্রধানমন্ত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ০০:৩৪


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোর্ট নির্দিষ্ট করে দিয়ে নাশকতাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। খবর বাসস।
সরকারি দলের সংসদ সদস্য আবদুর রউফ’র এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, নাশকতাকারীদের বিচারে সন্ত্রাস দমন আইন, বিশেষ ক্ষমতা আইনসহ অনেক আইন রয়েছে। আইনগুলো কার্যকর করে যারা নাশকতা করে তাদেরকে এ আইনের আওতায় আনা যায়। যারা নাশকতা করছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের জন্য ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইনমন্ত্রীকে ইতোমধ্যে এ ব্যাপারে বলা হয়েছে। এসব ঘটনার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল না হোক, অন্তত বিশেষ কোর্ট নির্দিষ্ট করে দেয়ার জন্য। যাতে এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের জন্য এ কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনা হয়। এ বিচার দ্রুত হওয়া উচিত। কারণ এ ধরনের নাশকতা কোনভাবেই মেনে নেয়া যায় না।
সরকারি দলের সদস্য উপাধ্যক্ষ মো. আবদুস শহীদের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দ্রুত বিচার আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। এ আইনকে কার্যকর করে নাশকতাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা সরকারের লক্ষ্য। এ লক্ষ্যেই বিচার বিভাগ কাজ করে যাচ্ছে।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের জ্বালাও-পোড়াওয়ের মতো নাশকতা শুরুর পর থেকে সরকার অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার ব্যাপারে সক্রিয় রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সকল হাসপাতালে বিশেষ করে যেখানেই পোড়া রোগী রয়েছে, সকলের চিকিৎসায় আর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।
আবদুর রউফ’র অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নাশকতাকারীদের হাতে-নাতে ধরে আইনের আওতায় আনার জন্য সকলের প্রতি এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য্য ও সাহসের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করার জন্য যতটুকু কঠোর হওয়া প্রয়োজন তা করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, নাশকতা বন্ধ না করলে এদেশের জনগণ তার উপযুক্ত জবাব দেবে।