মিসবাহ নৈপুণ্যে ইংল্যান্ডকে হারালো পাকিস্তান

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ২০:১০
 
 
 
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পর এবার ইংল্যান্ডকেও হারিয়েছে পাকিস্তান। মিসবাহ-উল-হকের অপরাজিত ৯১ রানের সুবাদে ৪ উইকেটের জয় পেয়েছে তারা।
 
বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫০ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৮ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
 
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় দুই রানের মাথায় নাসির জামশেদ ও ১০ রানের মাথায় আহমেদ সেহজাদকে হারিয়ে প্রাথমিক চাপে পড়ে তারা। ব্রড ও এন্ডারসন তুলে নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যানের উইকেট। তবে মিডল অর্ডারের ধারাবাহিক পারফরমেন্সে লক্ষ্যে পৌঁছাতে খুব একটা বেগ পোহাতে হয়নি তাদের। তৃতীয় উইকেট জুটিতে দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন ইউনিস খান ও হারিস সোহেল। কিন্তু এই জুটিও খুব ভালো করতে পারেনি। দলীয় ৪৩ রানের মাথায় ইউনিস খান (১৯) ও ৭৮ রানের মাথায় হারিস (৩৩) আউট হয়ে গেলে ম্যাচ প্রায় হাতছাড়া হতে বসে পাকিস্তানের। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মিহবাহ। তাকে সঙ্গ দেন উমর আকমল। দুজনে মিলে সংগ্রহ করেন ১৩৩ রান। এতে ম্যাচ চলে আসে পাকিস্তানের দখলে। বাকি কাজটুকুও শেষ করেই মাঠ ছাড়ে মিসবাহ।

এর আগে রুটের ৮৫ ও ব্যালান্সের ৫৭ রানে ভর করতে পাকিস্তানকে ২৫০ রানের লক্ষ্য দিয়ে সক্ষম হয় ইংলিশরা।