ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সহযোগী: প্রধানমন্ত্রীকে পিয়ারে মায়াদন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ২০:১৮
 
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বুধবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারে মায়াদন এক সৌজন্য সাক্ষাত্ করেছেন। এ সময় পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে নতুন রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের সহযোগী হিসেবে অভিহিত করেন। সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব এম নজরুল ইসলাম এ কথা জানান।
সাক্ষাত্কালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ‘ব্লু-ইকোনমি’ এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের ওপর ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব দেয়ার কথা জানিয়ে বলেন, ‘বাংলাদেশ এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে।’ কৃত্রিম উপগ্রহের জন্য বাংলাদেশকে সহয়তা দেয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী ‘পাঁচ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার’-এর কথা উল্লেখ করে বলেন, ‘এতে করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।’ তথ্যপ্রযুক্তির ব্যবহারে দুর্নীতি দূর করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিতে অগ্রগতির আশা প্রকাশও করেন প্রধানমন্ত্রী।
আলোচনাকালে পিয়ারে মায়াদন বলেন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ইইউ বিজনেস কাউন্সিল গঠনের কথাও বলেন।
প্রধানমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাত্কালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আব্দুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।