৫শ’ কোটি টাকার বেশি অংকের ঋণ পুনর্গঠনের আবেদন যাচাইয়ে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে জারি করা নীতিমালা অনুযায়ী আবেদন যাচাই বাছাই করে অনুমোদনের জন্য উপস্থাপন করবে কমিটি। কমিটির প্রধান করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীকে।
কমিটির অপর সদস্যরা হলেন, অফ সাইট সুপারভিশন বিভাগের উপমহাব্যবস্থাপক দীপংকর ভট্টাচার্য, ব্যাংক পরিদর্শন বিভাগের উপমহাব্যবস্থাপক শান্তি রঞ্জন সাহা ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রেটি এন্ড কাস্টমার সার্ভিসেস বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ জহির হোসেন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আবুল হাসেম।
গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ঋণ পুনগর্ঠন নীতিমালার অনুমোদন হয়। এতে বলা হয়, সময়মতো মতো ঋণ পরিশোধে ব্যর্থ গ্রাহকরা ১২ বছর মেয়াদে ঋণ পুনঃর্গঠনের সুযোগ পাবে। শুধু ৫শ’ কোটি টাকার বেশী গ্রহীতারাই পাবে বিশেষ এ সুযোগ। এতে সুদ হার হবে তহবিল ব্যয়ের চেয়ে কমপক্ষে ১ শতাংশ বেশী। বিচারিক সংস্থা কর্তৃক প্রমানিত প্রতারনা ও জালিয়াতির সঙ্গে জড়িতারা এসুযোগ পাবে না। এমনকি প্রতারনা ও জালিয়াতির অভিযোগের তদন্ত চলাকালীন সময়েও এ সুযোগ দেয়া হবে না। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা গ্রহনের আবেদন করা যাবে।
