স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দরিদ্রদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তার সুফল জনগণ পেতে শুরু করেছে। সরকার সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। কিন্তু বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে সবার কাছে সমানভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সম্পদের সীমাবদ্ধতা এবং আর্থিক অপ্রতুলতা প্রধান অন্তরায়। এক্ষেত্রে কারিগরি ও আর্থিক সহায়তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।
বুধবার সিঙ্গাপুরে ‘সর্বজনীন স্বাস্থ্যসেবাঃ দ্যা পোস্ট ২০১৫ চ্যালেঞ্জ’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসাবে মন্ত্রী পর্যায়ের গোল টেবিল বৈঠকে বক্তৃতাদানকালে মোহাম্মদ নাসিম একথা বলেন। বৈঠকে চীন, সিঙ্গাপুর, ব্রুনাই, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালায়শিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম এবং সৌদি আরবের মন্ত্রীগণ বক্তব্য রাখেন।
বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর বক্তৃতা এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান, ভবিষ্যত্ পরিকল্পনা ও প্রস্তাবিত কর্মকৌশলের ব্যাপক প্রশংসা করা হয়। মঙ্গলবার থেকে শুরু হওয়া দু’দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের প্রায় ১৫ দেশের মন্ত্রী, ঊর্দ্ধতন কর্মকর্তা এবং চিকিত্সক অংশ নেন।
