চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় বুধবার রাত সাড়ে ৮টায় একটি যাত্রীবাহি সিএনজি অটোরিক্সায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। আনোয়ারা-পটিয়া- বাশখালী (পিএবি) সড়কের বড়উঠান ইউনিয়নের শাক্ষীরপুর বেপারী পুকুর পাড় যাত্রী ছাওনী এলাকায় এ ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মো. ইদ্রিস(২০), সাজ্জাদ(২৪), রহিম(২২), অটোরিক্সা চালক আমজাদ(২৪)। এদের মধ্যে ইদ্রিস ও সাজ্জাদের অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত চালক আমজাদ ও রহিমকে স্থানীয় বাদামতল এলাকায় বেসরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অগ্নিদগ্ধ সিএনজিটিকে উদ্ধার করে কর্ণফুলী থানা এলাকায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ওসি মহিউদ্দীন জানান, কক্সবাজার জেলার পেকুয়া থেকে সিএনজিটি গ্যাস নেয়ার জন্য পটিয়ার মইজ্জ্যারটেক এলাকায় গ্যাস সিএনজি ফিলিং ষ্টেশনে যাওয়ার পথে অবরোধকারীরা এ পেট্টোল বোমা নিক্ষেপ করে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে মহিউদ্দীন জানিয়েছেন। তিনি জানান, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
