সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ছড়ারপারস্থ বাসায় বুধবার রাতে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। ঘটনার পর তিন যুবককে আটক করেছে পুলিশ।
কামরানের বাসার লোকজনের কাছ থেকে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার বাসায় ককটেল হামলা চালায়। এ সময় এলাকাবাসী তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তিদের নাম মাহবুব,সাগর ও শাহীন।
সাবেক মেয়র কামরান জানান ঘটনার কিছুক্ষণ আগে তিনি বাসা থেকে বের হয়ে যান। কামরানের বাসায় ককটেল হামলার সংবাদে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী তার বাসায় জড়ো হন। এ সময় আটক যুবকদের গণধোলাইও দেয়া হয়। কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ উপস্থিত হয় ঘটনার পরপরই। রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মানুষের ভিড় ছিল কামরানের বাসায়। আটক তিন যুবক পেশায় রাজমিস্ত্রী বলে জানা যায়। তারা রাজমিস্ত্রীর কাজ শেষে বাসায় ফিরছিল বলে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন। কোতয়ালী থানার পুলিশ জানায়, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে এবং সার্বিক ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য এর আগেও চার দলীয় জোট আমলে তৎকালীন মেয়র কামরান কয়েক বার গ্রেনেড হামালার শিকার হন এবং অলৌকিক ভাবে রক্ষা পান।
